প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2026 ইং
জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে লেখনীর অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক কুমিল্লার জমিন-এর সম্পাদক ও ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জুলাই স্মৃতি সমাবেশে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় তিনি শাহাজাদা এমরানের লেখনীর প্রশংসা করে বলেন, জুলাইতে যে কয়জন কলম ধরেছিলো, তাদের মধ্যে শাহাজাদা এমরান একজন।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, ত্যাগ ও সংগ্রামের দলিল হিসেবে শাহাজাদা এমরান রচনা করেছেন ‘আঙ্কেল গেইটটা খোলেন না, গণ অভ্যুত্থান কুমিল্লা ২০২৪’ শীর্ষক গ্রন্থ। বইটি ইতোমধ্যে জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ প্রকাশনা হিসেবে পাঠকমহলে আলোচিত হয়েছে।
সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি জানতে চাইলে শাহাজাদা এমরান বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত এবং সংগ্রামী মানুষের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। ইতিহাস সংরক্ষণের দায়বদ্ধতা থেকেই আমি জুলাইয়ের ঘটনাগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। যেমনটা আমি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে গিয়ে করেছি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সত্য ইতিহাস জানতে পারে, সে লক্ষ্যেই আমার এই প্রচেষ্টা। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে লেখালেখি ও গবেষণার কাজে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, ফেস দ্যা পিপল সম্পাদক সাইফুর সাগর এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আবু রায়হান, জিয়া উদ্দিন রুবেল।
জুলাই স্মৃতি সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইতিহাস সংরক্ষণে গবেষণা, লেখালেখি ও প্রকাশনার উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম