প্রিন্ট এর তারিখঃ Sep 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
মুরাদনগরের ইউএনও বদলিতে আওয়ামী লীগ ও জামায়াতের মিষ্টি বিতরণ, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক.
কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বীকে বদলি করা হয়েছে। তাঁর বদলির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলের একটি অংশের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে বলে জানা গেছে। এ সময় মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী দায়িত্ব পালনকালে অনিয়ম, দুর্নীতি ও প্রভাবশালী মহলের চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তাঁর বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছিল বলেও দাবি করেছেন স্থানীয় অনেকে।
তবে তাঁর বদলির খবরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছেন—এমন অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, একজন কর্মকর্তার বদলিতে যদি কোনো অনিয়ম বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আনন্দ প্রকাশ করে থাকে, তাহলে এর পেছনে প্রকৃত কারণ কী? একজন কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের একাংশ মনে করছেন, সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা কোনো কর্মকর্তার বদলি যদি স্বার্থান্বেষী মহলের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে বিষয়টি প্রশাসনের নীতিনির্ধারকদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এদিকে, মাত্র ৫মাসের মাথায় ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বীর বদলির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়েছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
স্থানীয়দের দাবি—প্রশাসনিক বদলি যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার না হয়; বরং জনগণের স্বার্থ, সুশাসন ও প্রশাসনিক দক্ষতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম