প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2026 ইং
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ফুলকুঁড়ি আসরের মানববন্ধন

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, কুমিল্লা মহানগরী।
রোববার (২০ সেপ্টেম্বর) আয়োজিত এ মানববন্ধনে বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লার অপ্রতিম, পাবনার কলি, জামালপুরের মরিয়ম কিংবা বাগেরহাটের রাফি—দেশের কোনো শিশুর শৈশবই যেন সহিংসতা ও অপরাধের শিকার না হয়। শিশুদের নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও শাখা পরিচালক অগ্রপথিক বায়েজীদ আলম আবিরের ব্যবস্থাপনায় এবং শাখা সহকারী পরিচালক মঈনুল ইসলাম আদনানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মহানগরীর উপদেষ্টা পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান।
এ সময় শাখা সংগঠক ও কুড়িদের সমন্বয়ে সাময়িক অবস্থান কর্মসূচিও পালন করা হয়।
মানববন্ধন থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, সংবিধানের ২৭ ও ৩৬ নম্বর অনুচ্ছেদের পূর্ণ বাস্তবায়ন এবং কুমিল্লা মহানগরীতে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধিসহ অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, একটি শিশুর নিরাপত্তাহীনতা শুধু একটি পরিবারের সংকট নয়; এটি পুরো সমাজের জন্য সতর্কবার্তা। তাই শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম