প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2026 ইং
বিষ্ণুপুরের কৃতি সন্তান আলহাজ্ব আব্দুর রাজ্জাকের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক বার্তা

নিজস্ব প্রতিবেদক.
বিষ্ণুপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক (বিকম) আর নেই। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯৩৭ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি সমাজসেবা ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আলহাজ্ব আব্দুর রাজ্জাক ১৯৭০ সালে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়, ১৯৭৩ সালে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৮৫ সালে বিষ্ণুপুর রহমানীয়া সাঈদীয়া মুকবুলিয়া এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মাদ্রাসাটি ‘দিনীয়া মাদ্রাসা’ নামে পরিচিতি লাভ করে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলহাজ্ব আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বিষ্ণুপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে বিষ্ণুপুরে অনুষ্ঠিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম