প্রিন্ট এর তারিখঃ May 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
আড়াইহাজারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নাছিমা আক্তার

আল্ আমিন শাহেদ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অনুষ্ঠিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন মোসা: নাছিমা আক্তার। তিনি উপজেলার ২৩নং ইজারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
গত বুধবার (২০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল নিশ্চিত করা হয়। এর আগে, গত ১৮ মে উপজেলার শিক্ষকদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনি ২০১৭ সালে কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নরসিংদী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে বিবিএ (সম্মান) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
নাছিমা আক্তারের বাড়ি কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দী গ্রামে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রখ্যাত গণিত শিক্ষক হোমনার কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী এবং হাজিরটেক গ্রামের হাজী আবদুল বারেকের কন্যা।
শিক্ষকতা পেশায় গভীর নিষ্ঠা, প্রখর দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আন্তরিক প্রচেষ্টার জন্য তিনি ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।
এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে নাছিমা আক্তার বলেন—
"এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম