প্রিন্ট এর তারিখঃ Jul 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
বন্দী জীবন ছেড়ে প্রকৃতির মাঝে - রহমত উল্লাহ নিরব

শহরের কোলাহল আর বন্দী জীবন ছেড়ে প্রকৃতির মাঝে হারিয়ে ছিলাম দুটি দিন। এই ৪৮ ঘন্টায় হারিয়ে যাওয়া অনেক কিছুই ফিরে পেয়েছি যা আমি সবসময় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। আমার যৌবনে দাপিয়ে বেড়ানো প্রিয় ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস, ভালোলাগার সংগঠন ক্যাম্পাস বার্তা আর হারানো সব প্রিয় মুখ সবমিলিয়ে দারুণ একটা সময় কেটেছে।
উপলক্ষ ছিলো ক্যাম্পাস বার্তার বার্ষিক আনন্দ ভ্রমণ। প্রাক্তণ সম্পাদক হিসেবে ডাক পড়লো৷ এমনিতেই ট্যুর মুডে ছিলাম তাই সুযোগটা আর মিস করলাম না। ট্যুর স্পট ছিলো চট্টগ্রাম এর কর্ণফুলী টানেল, পারকি সমুদ্র সৈকত আর পতেঙ্গা সী বিচ। একঝাঁক স্বপ্নবাজ তরুণ তরুণীদের নিয়ে এই আনন্দ ভ্রমণে আনন্দের কোনো কমতি ছিলোনা। দিনভর হৈ-হুল্লোড়, জম্পেশ আড্ডা আর গলা ছেড়ে গানে মাতোয়ারা ছিলো সবাই।
নদীর পাতাল দেশ দিয়ে বয়ে চলা কর্ণফুলী টানেলের সৌন্দর্য দেখে সত্যিই বিস্মিত হয়েছি। প্রসঙ্গত এটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম ও দীর্ঘতম নদীর তলদেশের সড়ক সুড়ঙ্গপথ। ৩.৩২ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটি নদীর দুই তীরকে সংযুক্ত করে চীনের 'ওয়ান সিটি টু টাউন' (One City Two Towns) ধারণায় চট্টগ্রাম শহরকে গড়ে তুলতে সাহায্য করছে।
এর পর গেলাম চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত কর্ণফুলী নদীর মোহনার পূর্ব-দক্ষিণ তীর ঘেঁষা পারকি সমুদ্র সৈকতে। এটি একটি চমৎকার ও নিরিবিলি উপকূলীয় সমুদ্র সৈকত।
সমুদ্রের পাড়ে ফুটবল খেলার আনন্দটা অন্যরকম। খেলাধুলা, ছবি তুলা, আর সমুদ্র স্নান শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার সেরে নিলাম সবাই।
তারপর শুরু হলে ক্যাম্পাস বার্তার সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের। কবিতা, গান, নাচ আর খেলার ইভেন্ট ছিলো বেশ উপভোগ্য। সাথে লটারির ভাগ্য পরীক্ষার রেজাল্ট ছিলো বাড়তি উন্মাদনা। অবশ্য লটারি তে আমার ভাগ্য ততটা খারাপ না। দুটো টিকেট কিনে ১টি পুরস্কার লাভ করলাম। তাও আবার ৩য় পুরস্কার! ভাবা যায়!
তারপর সন্ধ্যায় গেলাম সর্বশেষ স্পষ্ট পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে। সূর্য ডুবির আগে সমুদ্র পাড়ে যেনো সৌন্দর্যের ছড়াছড়ি। এই মুহুর্তটি দারুণ। সন্ধ্যার পরে সমুদ্রের জোয়ার শুরু হয়েছিলো। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ উপচে পড়ছিলো। মনে হচ্ছিলো পৃথিবীর সব সুখ এই ঢেউ এর সাথে ভেসে আসছিলো। নীল জলের শীতল ছোঁয়ায় মনটা নেচে উঠেছিলো বারবার। আর মন বলছিলো, এমন দিন বারবার ফিরে আসুক....
রহমত উল্লাহ নিরব
সাবেক সম্পাদক, ক্যাম্পাস বার্তা।।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম