প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2026 ইং
৮ মাসে ৩০ পারা কুরআন নিজ হাতে লিখলেন কুমিল্লা লাকসামের সুরাইয়া জান্নাত

কাউছার হোসেন,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে পবিত্র কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে দীর্ঘ আট মাসের নিরলস প্রচেষ্টায় পবিত্র কুরআনুল কারিম সম্পূর্ণ হাতে লিখে অনন্য এক নজির স্থাপন করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার সুরাইয়া জান্নাত। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ও ধৈর্যশীল কাজের জন্য তাকে প্রশাসনিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।
সুরাইয়া জান্নাত লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী।
জানা যায়, মহান আল্লাহর বাণীকে নিজের হাতের লেখায় ধারণ করার প্রবল ইচ্ছা থেকেই তিনি এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। দীর্ঘ আট মাস প্রতিদিন ধৈর্য ও একাগ্রতার সাথে তিনি পবিত্র কুরআনের প্রতিটি আয়াত ও সূরা সুন্দর ও সাবলীল হস্তাক্ষরে লিপিবদ্ধ করেন।
নিজের এই স্বপ্নের প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন।
তার এই অনন্য অর্জনকে উৎসাহিত করতে লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরাইয়া জান্নাতকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা। তিনি সুরাইয়া জান্নাতের এই সৃজনশীল ও ধর্মীয় কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরাইয়া জান্নাত তার এই কাজের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামের প্রতি তরুণ প্রজন্মের অনুরাগ ও ধৈর্যশীলতার এক অনন্য উদাহরণ হয়ে রইলেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুরাইয়া জান্নাত জানান, পবিত্র কুরআন হাতে লিখতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। এই দীর্ঘ সময়ে পরিবারের সদস্য ও শিক্ষকদের নিরন্তর উৎসাহ তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে ধর্মীয় ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম