প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
মহিলা মাদরাসায় চাকরি অব্যাহত রাখায় চান্দিনায় দুই নেতার পদ স্থগিত করল জামায়াত

নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করা হয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন ও উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা ইলিয়াস সরকারের।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি জামায়াতে ইসলামীর রুকন পদে বহাল থাকতে পারবেন না। একইভাবে কোনো নারী সদস্য বালক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও তার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মাওলানা মোশাররফ হোসেন বর্তমানে চান্দিনা উপজেলার রাণীচড়া আদর্শ বালিকা দাখিল মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাওলানা ইলিয়াস সরকার চান্দিনার আলী মেমোরিয়াল মহিলা মাদরাসার সুপার পদে কর্মরত রয়েছেন।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী বৈঠকের সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা স্থানীয় পর্যায়ে পৌঁছেছে কি না, তা নিশ্চিত নয়।
চান্দিনা উপজেলা জামায়াতের দায়িত্বশীল মাওলানা মিজানুর রহমান বলেন, “কেন্দ্র থেকে এ ধরনের একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে কুমিল্লা জেলা উত্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা পাঠানো হয়নি।”
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক চান্দিনা উপজেলা জামায়াতের কর্মপরিষদের এক সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই রুকন পদ স্থগিতের বিষয়টি কার্যকর হয়েছে।
দলীয় নথি অনুযায়ী, গত ২৬ জুন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সদস্যপদ সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশনা পুনরায় উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, গার্লস স্কুল, গার্লস কলেজ, গার্লস মাদরাসাসহ নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ সদস্য এবং বয়েজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো নারী সদস্যের রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত থাকবে। পরবর্তীতে কর্মস্থল পরিবর্তনের পর সংশ্লিষ্ট সদস্যের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়, সহশিক্ষা (কো-এডুকেশন) প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে এ ধরনের বাধা প্রযোজ্য হবে না।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত একটি নির্দেশনায় স্থানীয় কর্মপরিষদে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে গত ২৩ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চান্দিনা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়েছিল। রুকন পদ স্থগিতের বিষয়টি তার রাজনৈতিক কার্যক্রমে কী প্রভাব ফেলবে, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম