কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখা। দলটির উপজেলা শাখার সর্বোচ্চ ফোরাম রুকনদের ভোটের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত করা হয়।
আজ অনুষ্ঠিত উপজেলা রুকন বৈঠকে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এতে উপজেলা চেয়ারম্যান পদে হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হককে মনোনীত করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মেহেদী হাসানকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুবাইদা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রুকনদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে উপজেলা রুকন বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
জামায়াতের পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।