তৌহিদ হোসেন সরকার.
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘শ্রমজীবী মানুষের অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া শাখার উদ্যোগে আজিজনগরে আয়োজিত চা শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, চা শ্রমিকদের কর্মঘণ্টা, মজুরি, খাদ্য, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো এখনো যথাযথভাবে নিশ্চিত হয়নি। চা পাতা সংগ্রহের জন্য শ্রমিকদের ওপর নির্ধারিত লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তাদের দীর্ঘ সময় কাজ করতে হয়। অথচ সেই অনুযায়ী মজুরি দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, চা শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা অত্যন্ত কঠিন। চা পাতা বহনের সময় শ্রমিক নারীদের ঝুড়ির সঙ্গে কাপড়ের পোটলায় শিশুকে বেঁধে রাখার দৃশ্যও দেখা যায়। এটি তাদের দারিদ্র্য ও জীবনসংগ্রামের নির্মম চিত্র তুলে ধরে। স্বল্প মজুরির কারণে শ্রমিক পরিবারগুলো খাদ্য ও পুষ্টির সংকটে রয়েছে। তাদের সন্তানদের পুষ্টিহীনতা এবং শিক্ষা ও চিকিৎসার সুযোগের ঘাটতিও রয়েছে।
চা শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, ২০২৩ সালে মৌলভীবাজারে চা শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করেছিলেন। ওই সময় আন্দোলনের মাধ্যমে চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির ফলে ২০২৪ সালে ১৭৮ টাকা, ২০২৫ সালে ১৮৭ টাকা এবং ২০২৬ সালে ১৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আতিকুর রহমান বলেন, এই মজুরি দিয়ে চা শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই চা শ্রমিকদের জীবনমান ও শ্রমের মর্যাদা বিবেচনায় নিয়ে অবিলম্বে দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা বাস্তবায়ন করতে হবে।
চা শ্রমিকদের শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, চা বাগান এলাকায় মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে। শ্রমিকদের সন্তানদের জন্য ভালো শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুষ্টির সুযোগ নিশ্চিত করা জরুরি। তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।
পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনীয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, জেলার প্রধান উপদেষ্টা মাওলানা ইকবাল হোসাইন, স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল হাসেম বাদল, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ড. জিয়াউল হক এবং তেঁতুলিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হাকিম,ও
সম্মেলনটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।