কুমিল্লায় দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া, নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মাসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।