কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

নিত্যপণ্যে বাজেটের প্রভাব পড়েনি - প্রতিমন্ত্রী

author
Reporter

প্রকাশিত : Jun 15, 2026 ইং
ad728
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।


সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি বাজারে উপস্থিত ক্রেতাদের মতামতও নেন।

প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরা সার্বিক বাজার পরিস্থিতি জানার চেষ্টা করেছি। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমানো যায়।

শরীফুল আলম বলেন, বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পর বাজারে মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখা যেত, এবার তা পরিলক্ষিত হয়নি। কারণ এবারের বাজেট জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বিত তদারকির ফলে বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রয়েছে।

প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, অহেতুকভাবে কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমাসহ বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab