নিজস্ব প্রতিবেদক |
কুমিল্লা জেলা জজ ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত দুই আইনজীবীর নিয়োগাদেশ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৮ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা জেলা জজ ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত মো. মনির হোসেন পাটোয়ারী ও সাইফুল ইসলামের নিয়োগসংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।
মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা আদেশে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে জারি করা নিয়োগাদেশের মাধ্যমে তাদের এপিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ আদেশে সেই নিয়োগ বাতিল করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, নিয়োগ বাতিল হওয়া দুই আইনজীবী ছাত্রশিবির নেতা জিসানের আইনজীবী হিসেবে বিভিন্ন আলোচিত মামলায় দায়িত্ব পালন করেছিলেন। বিষয়টি নিয়ে আইনাঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
প্রজ্ঞাপনটি জেলা ও দায়রা জজ, কুমিল্লাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।