প্রত্যাশীর উদ্যোগে সুইজারল্যান্ড দূতাবাস এবং ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ফেনী জেলা প্রকল্প অফিস (সফল)-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনসিডিএফ-এর ফেনী জেলার ডিস্ট্রিক্ট প্রজেক্ট অ্যাসোসিয়েট হারুন অর রশিদ মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘সফল’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দেব দুলাল মজুমদার, অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার সঞ্জয় মিস্ত্রি, প্রকল্প কর্মকর্তা আব্দুর রহিম, কাজী সুমাইয়া আক্তার সাফাসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যাশী বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পের মাধ্যমে ফেনী সদর ও সোনাগাজী উপজেলার প্রবাসী পরিবারের সদস্যদের ডিজিটাল আর্থিক সাক্ষরতা, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো রেমিট্যান্সের সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা, প্রবাসী পরিবারের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা এবং তাদের টেকসই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা।
পরে নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ সহায়তা নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে টেকসই উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানেও এটি ইতিবাচক অবদান রাখবে।