কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

রামরুর উদ্যোগে কুমিল্লায় প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ

আব্দুর রহিম

প্রকাশিত : Jul 2, 2026 ইং
নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ আব্দুর রহিম নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ
ad728
আব্দুর রহিম: রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-এর উদ্যোগে সুইজারল্যান্ড দূতাবাস এবং ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) কুমিল্লা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার, কুমিল্লার সহকারী পরিচালক মো. মাইন উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনসিডিএফ-এর কুমিল্লা জেলার ডিপিএ মো. ইকবাল হোসেন, রামরুর ‘সফল’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. আফজাল হোসেন, জেলা সমন্বয়কারী শাহাদত হোসেন, ঢাকা ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক এএসএম জসিম উদ্দিন, ব্যাংক এশিয়ার প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, রামরু বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ ও মুরাদনগর উপজেলার প্রবাসী পরিবারের সদস্যদের ডিজিটাল আর্থিক সাক্ষরতা, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো রেমিট্যান্সের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা, প্রবাসী পরিবারের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা এবং তাদের টেকসই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ সহায়তা নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার পরিধি বৃদ্ধি এবং পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : আব্দুর রহিম

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আব্দুর রহিম

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab