কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় কার্যক্রম নিষিদ্ব আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দেবীদ্বার উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সংচাইল এলাকায় অবস্থিত স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল চেয়ারম্যানের প্রভাতী ফিসারিজ অফিস কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সভায় বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আহসানুর রশিদ শামীম, ছোটশালঘর আওয়ামী লীগের নেতা মো. শাজাহান মাস্টারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবাসংক্রান্ত বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি আলোচনায় উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয় নিজ হাতে একটি ডায়েরিতে নোট করে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদদীন সরকার বলেন, হাসনাত আব্দুল্লাহর কথার সাথে কাজের কোন মিল নেই । সে মাঠে বলে একরকম কাজ করে আর একরকম । সে কিভাবে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়ে মিটিং করে । জনগণ তার এমন আচরণে ক্ষুব্ধ।
এই বিষয়ে বড়শালঘর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আউয়াল চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে বৈঠক করেছেন এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কে হোয়াটসঅ্যাপে খোদে বার্তা পাঠিয়ে কোন উত্তর পাওয়া যায় নি এবং তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে বড়শালঘরের বাসিন্দা ও জাপান বিএনপির সহ.সাধারন সম্পাদক সাজ্জাদ হোসাইন সজিব বলেন- হাসনাত আব্দুল্লাহ মূলত জুলাই ব্যবসায়ী। সে সংসদে গরম বক্তব্য দেয় আর দেবিদ্বারে আওয়ামী লীগের পূনর্বাসন করে। শহীদের রক্তের সাথে বেইমানির পরিনাম তাকে ভোগ করতে হবে।