আন্তর্জাতিক কূটনীতি, রাজনীতি, আইন, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে কুমিল্লায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস (বাইউস্ট মুন)-২০২৬’।
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
আগামী ৮ নভেম্বর (শুক্রবার) কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে ১০ নভেম্বর বিকেলে।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক আলোচনা, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা, গবেষণা, যুক্তি উপস্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
সম্মেলনের বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ আয়োজনের বিষয় বিস্তারিত তুলে ধরেন শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন সম্মেলনের মহাসচিব আল- আমিন, উপ-মহাসচিব আনিকা তাহসিন, জনি আহমেদ, মহাপরিচালক রাত্রী দে'সহ বিভিন্ন পর্যায়ের আয়োজক ও শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে তাদের তিনদিনব্যাপী সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য, অংশগ্রহণকারী, একাডেমিক কার্যক্রম এবং তিন দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
আয়োজকরা জানান, এবারের সম্মেলনে বিশ্বের পাঁচটি দেশের প্রতিনিধিত্বসহ মোট ৩০ জন বিচারক এবং ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন কমিটিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন। যুক্তি, তথ্য-উপাত্ত, গবেষণা ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে জটিল সমস্যার সমাধান খুঁজে বের করার অনুশীলন করবেন তাঁরা।
সম্মেলনের একাডেমিক কার্যক্রমকে সাতটি পৃথক কমিটিতে ভাগ করা হয়েছে। কমিটিগুলো হলো—জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নারী বিষয়ক সংস্থা, শরণার্থী, খাদ্য ও কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিচার আদালত এবং জাতীয় সংসদ।
প্রতিটি কমিটিতে নির্দিষ্ট বিষয় ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা, বিতর্ক ও গবেষণা পরিচালিত হবে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক সংকট, মানবাধিকার, খাদ্যনিরাপত্তা, নারী অধিকার, প্রযুক্তির অগ্রগতি, বিচারব্যবস্থা এবং জাতীয় নীতিনির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের চিন্তাভাবনা ও দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন।
বিশেষজ্ঞ বিচারকদের সামনে নিজেদের বক্তব্য, গবেষণালব্ধ তথ্য এবং যুক্তি উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভিন্ন সংস্কৃতি, চিন্তাধারা ও রাষ্ট্রীয় অবস্থান সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।
বিশেষ করে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক, ভূরাজনীতি, প্রযুক্তি, মানবাধিকার ও বৈশ্বিক সংকটের মতো বিষয়গুলো তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিন দিনের এই আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক শিক্ষামূলক মিলনমেলা তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।