কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অ‌ধি‌বেশন ও সামরিক জাদুঘর সফরে নি‌য়ে গে‌লেন হাসনাত

author
Reporter

প্রকাশিত : Jun 8, 2026 ইং
সংসদে হাসানাত আব্দুল্লাহর সাথে শিক্ষার্থীরা সংসদে হাসানাত আব্দুল্লাহর সাথে শিক্ষার্থীরা
ad728
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে নিয়ে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন ও দেশপ্রেম জাগ্রত করতে জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সামরিক জাদুঘরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখিয়েছেন জাতীয় নাগরিক পা‌র্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

​সোমবার (৮ জুন) দিনব্যাপী এই শিক্ষা সফরে সংসদ সদস্য নিজেই শিক্ষার্থীদের সাথে উপস্থিত থেকে প্রতিটি স্থাপনার ইতিহাস ও গুরুত্ব বিবৃত ক‌রেন এবং ঘুরে ঘুরে দেখান।

 সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সংসদ পাঠাগার এবং চলমান সংসদ অধিবেশন কক্ষের গ্যালারিতে বসে সরাসরি সংসদীয় কার্যক্রম দেখার বিরল সুযোগ লাভ করে। একই সাথে ন‌ভো‌থি‌য়েটার ঘু‌রে দে‌খেন এবং বাংলাদেশ সামরিক জাদুঘরে দেশের সামরিক ঐতিহ্য, ইতিহাস ও বীরত্বগাথার সাথে পরিচিত হয় তারা।

​এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে আয়োজক হাসনাত আব্দুল্লাহ এম‌পি ব‌লেন, কেবল পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে শিক্ষার পূর্ণতা আসে না। শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশ, বাস্তব জ্ঞান অর্জন এবং রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু সম্পর্কে ধারণা দিতেই এই শিক্ষা সফরের আয়োজন। এ ধরনের সফর শিক্ষার্থীদের মাঝে গভীর দেশপ্রেম, জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে, যা আগামী দিনে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

​শিক্ষা সফরে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেধাবী শিক্ষার্থী সৈয়দ রিজওয়ান হাসান ও তানিয়া আক্তার বলে, ‘বইয়ের পাতায় বা টেলিভিশনে যা দেখেছি, আজ তা নিজের চোখে দেখতে পেরে আমাদের স্বপ্ন সত্যি হওয়ার মতো মনে হচ্ছে। জাতীয় সংসদ ভবন ও সামরিক জাদুঘর ঘুরে আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় ছিল, আমাদের মাননীয় এমপি ম‌হোদয় পুরোটা সময় আমাদের সাথে ছিলেন, আমাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং গাইড করেছেন। তাঁর উ‌দ্যো‌গে দেয়া এই শিক্ষা সফর আমাদের আজীবন মনে থাকবে।’

​শিক্ষার্থীদের এমন অর্জনে ও সফরের সফলতা কামনা করে দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদ্রাসা অধ‌্যক্ষ মো. আলাউ‌দ্দি‌ন এবং দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান বলেন, ‘এটি অত্যন্ত প্রশংসনীয় ও দূরদর্শী একটি উদ্যোগ। এই ভ্রমণ শিক্ষার্থীদের জন্য কেবল আনন্দময় ও শিক্ষণীয়ই হয়নি, বরং তাদের ভেতর এক ধরনের নতুন উদ্দীপনা তৈরি করেছে। তরুণ শিক্ষার্থীদের মাঝে মেধার বিকাশ, নেতৃত্বের গুণাবলি গঠন এবং দেশ গড়ার মানসিকতা তৈরিতে বড় ভূমিকা রাখবে।’

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab