খালিদ বিন ইমরান, কুমিল্লা.
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন 'রক্তবিন্দু ফাউন্ডেশন'-এর উদ্যোগে আজ এই কর্মসূচি সম্পন্ন হয়।
"সবুজ পৃথিবীর স্বপ্ন পূরণে, আসুন সবাই বৃক্ষরোপণ করি"— এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং রক্তবিন্দু ফাউন্ডেশনের কার্যকরি পরিষদের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
বৃক্ষরোপণকালে ক্যাম্পাস প্রাঙ্গণে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও রক্তবিন্দু ফাউন্ডেশনের কার্যকরি পরিষদের উপদেষ্টা জনাব সাখাওয়াত হাসান। এছাড়া ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ এবং রক্তবিন্দু ফাউন্ডেশনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, ক্যাম্পাসকে পরিবেশবান্ধব ও নান্দনিক করে গড়ে তুলতে প্রধানত চারটি প্রজাতির বৃক্ষ নির্বাচন করা হয়েছে। যার মধ্যে রয়েছে— কৃষ্ণচূড়া, সোনালু, চেরী ও ঔষধি গুণসম্পন্ন নিম গাছ।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রক্তবিন্দু ফাউন্ডেশনের এই সবুজ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।"
সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জানান, শুধু গাছ রোপণই নয়, বরং এগুলোকে সঠিকভাবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতেও তারা নিয়মিত কাজ করে যাবেন।