যতোদূর চোখ যায় কাদা আর কাদা।কেউ কাদা মাড়িয়ে হাঁটছে,কেউ যানবাহন থেকে নেমে হাটিয়ে নিচ্ছে।কেউ যানবাহন রেখেই চলে যেতে বাধ্য হচ্ছে।শিক্ষার্থীদের জ্বলমলে পোশাক মলিনতায় পরিণত হচ্ছে ময়লা কাদা লেগে ।ছোট শিক্ষার্থীরা চলাচল করতে গিয়ে রাস্তার মাঝখানে পড়ে যাচ্ছে।সে ময়লাযুক্ত পোশাকেই দুর্ভোগ পেরিয়ে স্কুলের দিকে ছুটছে।কেউ আবার সড়কের অবস্থা দেখে বাড়ি ফিরে যাচ্ছে।
এমন জনদুর্ভোগের করুণ চিত্র দেখা যায় কুমিল্লার বরুড়া উপজেলার ৪ নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের কাসেড্ডা চৌরাস্তা (মনখোলা) থেকে জয়নগর সিডিউলড কাস্ট উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে।বর্ষার মৌসুমে এ সড়কের দূর্ভোগ পোহাতে হয় ৬ গ্রামের সহস্রাধিক মানুষ।
এছাড়াও এ সড়কে যাতায়াত করে উপজেলার কাসেড্ডা, সুঁরিচো, খুগুয়া, জয়নগর, কালামুড়ি ও চালিয়াসহ ৬টি গ্রামের প্রায় ৮০০ শিক্ষার্থী। জয়নগর সিডিউলড কাস্ট উচ্চ বিদ্যালয় ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদামাটি মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হয়।
দশম শ্রেণীর শিক্ষার্থী দ্বীপা রাণী ভৌমিক জানান,বর্ষার মৌসুমে সড়কটির অবস্থা খুব খারাপ হয়ে যায়। সড়কের দশা দেখলে স্কুলে যেতে মন চায়না।স্কুল ড্রেস কাদায় ময়লা হয়ে যায়।মাঝে মাঝে সড়কে চলাচলের সময় উল্টে পড়ে শিক্ষার্থীরা।
আরেক শিক্ষার্থী সায়মন বলেন,স্কুলে ভালো পোশাক নিয়ে যাওয়া যায় না। সড়কটি কাদাযুক্ত এবং ভাঙার কারণে আমাদের অনেক সহপাঠি দূর্ঘটনার কবলে পড়তে হয়।
সিনিয়র শিক্ষক মো.জাকির হোসেন জানান,আজ স্কুল ছুটির পর আমার মোটর বাইকটি স্কুলে রেখে হেঁটে আসতে হয়েছে।সড়কের যা অবস্থা বলার ভাষা নেই।এই রাস্তায় প্রায় ৮’শর উপরে শিক্ষার্থীর চলাচল।এছাড়াও ৬ গ্রামের সাধারণ মানুষের যাতায়াত। যানবাহন নিয়েতো একেবারেই চলা যায় না। আমাদের এ কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি সংলিষ্ট কর্তৃপক্ষের নজরও পড়ে না
জয়নগর স্কুলের প্রধান শিক্ষক,বিধান হালদার বলেন,এটি দীর্ঘদিনের ভোগান্তি।বর্ষা আসে যায় কিন্তু সড়কটির উন্নয়ন হয়না।আমার স্কুলের বহু শিক্ষার্থী বর্ষায় পড়ালেখায় পিছিয়ে পড়ে।এর কারণ এ সড়কের দূর্ভোগ।প্রতি বর্ষার মৌসুমে শিক্ষার্থীদের দেখা যায় তারা ময়লা কাদাযুক্ত পোশাক পড়ে শ্রেণীকক্ষে পাঠদান গ্রহণ করতে হয়।আমার অনুরোধ সংলিষ্টরা যেন এই সড়কটির দিকে গুরত্বের সহিত নজর দেন।
বরুড়া নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, প্রকৌশলী নিয়ে আমরা সড়কটি পরিদর্শন করবো। কিভাবে দ্রুত উন্নয়ন করা যায় তার বিষয়ে আলোচনা করবো।