খালিদ বিন ইমরান|কুমিল্লা.
কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৩৫ জন শিক্ষার্থীকে স্বনামধন্য চীনা প্রতিষ্ঠান ‘এসএবি (SAB) গ্রুপ’-এ চাকরির লক্ষ্যে এক মাসব্যাপী বিশেষ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠানের প্রতিনিধি দল শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে ৩৫ জনের মধ্য থেকে ১৫ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে চাকরির জন্য নির্বাচিত করে।
এক মাসের এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের বাস্তবমুখী কারিগরি দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি আধুনিক শিল্পকারখানার কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই সময়োপযোগী উদ্যোগ ও কার্যক্রম বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মাজহারুল ইসলাম চৌধুরী। সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী শাখাওয়াত হাসান চৌধুরী সহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
বিশেষ সহযোগিতায় ছিলেন কম্পিউটার বিভাগের চিফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার আবদুল ওয়াদুদ, মেকানিক্যাল বিভাগের ১ম শিফটের চিফ ইন্সট্রাক্টর ইলিয়াস হোসাইন, ২য় শিফটের চিফ ইন্সট্রাক্টর শফিউল ইসলাম, ইলেকট্রিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার বশির আহমেদ এবং ইন্সট্রাক্টর আমিনুর রহমান আমিন ও ইন্সট্রাক্টর ফারুকুল ইসলাম।
ক্যাম্পাস চলাকালীনই স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাওয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। চমৎকার এই সুযোগ তৈরির জন্য শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের এমন যৌথ উদ্যোগ কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও দ্রুত কর্মসংস্থানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।