কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লার ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি মারদিয়া মমতাজ

আকাশ টিভি.

প্রকাশিত : Oct 6, 2026 ইং
খালিদ বিন ইমরান|কুমিল্লা.
কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, প্রকৌশলী ও অধ্যাপিকা মারদিয়া মমতাজ।
আজ (মঙ্গলবার) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথম থেকে দশম শ্রেণীর ১০টি বিদ্যালয় ও মাদরাসায় এই খেলার সামগ্রী প্রদান করেন। এর মধ্যে সদর ও সদর দক্ষিণ অঞ্চলের ৫টি প্রতিষ্ঠানে তিনি নিজে সরেজমিনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে সরাসরি ক্রীড়া সামগ্রী তুলে দেন। সরেজমিনে পরিদর্শনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— সদর দক্ষিণের হাড়াতলি মাদরাসা, বেলতলি স্কুল, বাতাবাড়িয়া বালিকা বিদ্যালয়, কালির বাজার স্কুল এবং ছোট আলমপুর মাদরাসা।
এই বিতরণ কার্যক্রমে স্থানীয় জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সার্বিক সহযোগিতা করেন। সংসদ সদস্যকে সরাসরি কাছে পেয়ে এবং খেলার সামগ্রী উপহার পেয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এমপি মারদিয়া মমতাজকে ধন্যবাদ জানানো হয় এবং তাদের প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষাগত সার্বিক উন্নয়নে সংসদ সদস্য আগামীতেও বিশেষভাবে দৃষ্টি রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণের পাশাপশি সফরের অংশ হিসেবে কুমিল্লার কোটবাড়িতে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতৃবৃন্দের সঙ্গে এমপি মারদিয়া মমতাজের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পলিটেকনিক শাখার নেতৃবৃন্দ তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। উল্লেখ্য, অধ্যাপিকা মারদিয়া মমতাজ কুমিল্লা পলিটেকনিক শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমের সহধর্মিণী।
সাক্ষাৎকালে এমপি মারদিয়া মমতাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই শেষ কথা নয়; জ্ঞান, কারিগরি দক্ষতা, নৈতিকতা ও ইসলামী আদর্শের সমন্বয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত সাফল্য।" তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, আধুনিক প্রযুক্তি শিক্ষা ও ইংরেজি ভাষা চর্চায় মনোযোগী হওয়ার এবং মাদক, অনৈতিকতা ও সময় অপচয়কারী কর্মকাণ্ড পরিহার করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab