নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা||
কুমিল্লায় চাকরি দেওয়ার আশ্বাসে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া এবং পরে টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
অভিযুক্ত মো. রকিবুল হাসান জুয়েল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা হিসেবে কর্মরত বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কুমিল্লার একটি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন এক ভুক্তভোগী চাকরিপ্রার্থী।
আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়, অভিযুক্ত নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে তার প্রভাব রয়েছে বলে বিভিন্নজনের কাছে দাবি করতেন। সেই সূত্র ধরে তিনি চাকরিপ্রার্থীদের বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন।
মামলার অভিযোগ অনুযায়ী, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে তিনি কয়েক লাখ টাকা নেন। তবে দীর্ঘ সময় পার হলেও চাকরির কোনো ব্যবস্থা না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরজিতে আরও বলা হয়, গত ১৯ মে সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি থানার কালাকচুয়া এলাকায় এ হুমকির ঘটনা ঘটে। এরপর থেকে ভুক্তভোগী ব্যক্তি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতকে জানিয়েছেন।
শুনানি শেষে আদালত অভিযুক্ত মো. রকিবুল হাসান জুয়েলকে অভিযোগের বিষয়ে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী চাকরিপ্রার্থী বলেন, “চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এখন চাকরি তো দিচ্ছেই না, উল্টো টাকা ফেরত চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রকিবুল হাসান জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে চাকরি বাণিজ্যের অভিযোগ ওঠায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।