কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজারের ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিলল ফেনসিডিলের বোতলের ভাগাড়
কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজার এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিপুল পরিমাণ খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়েছে। ড্রেনের ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের সময় শ্রমিকরা শত শত খালি বোতল দেখতে পান, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অসাধু মাদকসেবী ও ব্যবসায়ীরা এসব বোতল ড্রেনে ফেলে আসছিল। ফলে ড্রেনের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণেরও সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন, বাজার এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানান।
ড্রেন পরিষ্কার কাজে নিয়োজিত কর্মীরা জানান, ড্রেনের বিভিন্ন অংশ থেকে বিপুল সংখ্যক খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়েছে। এসব বোতল কীভাবে সেখানে জমা হয়েছে, তা তদন্তের প্রয়োজন রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, উদ্ধার হওয়া বোতলের পরিমাণ এলাকায় মাদকসেবনের উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন।