আব্দুর রহিম. নিম্নবিত্ত পরিবারের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে রেইজ প্রকল্পের চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ।
বুধবার (১৭ জুন) ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, মেলার মূল লক্ষ্য ছিল নিম্নবিত্ত পরিবারের দক্ষ কিন্তু বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এ উপলক্ষে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১২টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং চাকরিপ্রত্যাশীদের জন্য সরাসরি সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ সৃষ্টি করে।
সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক জনাব মনিরা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুলতানা নাসরিন কান্তা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী এবং প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর মহাব্যবস্থাপক জনাব আলাউদ্দিন খান। সভাপতিত্ব করেন ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, “বর্তমান শ্রমবাজারে দক্ষ কর্মীর গুরুত্ব অপরিসীম। দক্ষ জনশক্তিই একটি উন্নয়নশীল দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।” তিনি তরুণদের দক্ষতাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মজীবন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ দেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলেও তিনি উল্লেখ করেন।
মেলায় ওয়ালটন, প্রাণ, স্টার লাইন গ্রুপ, ক্রাউন সিমেন্ট, আবুল খায়ের গ্রুপসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দুই শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রত্যাশী সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ ও সিভি জমা দেওয়ার সুযোগ পান। এর মধ্যে ৪২ জন চাকরিপ্রার্থী তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে নির্বাচিত হন। এছাড়া ভবিষ্যৎ নিয়োগের জন্য আরও অনেক প্রার্থীর জীবনবৃত্তান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দক্ষ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।