খালিদ বিন ইমরান | কুমিল্লা.
শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের ৩১০ ও ৩১১ নম্বর শ্রেণিকক্ষের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেছেন ষষ্ঠ পর্বের সাধারণ শিক্ষার্থীরা।
শ্রেণিকক্ষ দুটিতে ফ্যানের অকার্যকারিতা ও বিকট শব্দ, পর্যাপ্ত আলোর অভাব, অপরিষ্কার বোর্ড এবং ছাদের ঝুঁকিপূর্ণ প্লাস্টারসহ নানা সমস্যা শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ও নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষ করে, ছাদের প্লাস্টার খসে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
গতকাল ষষ্ঠ পর্বের সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত উপস্থিতিতে শ্রেণি প্রতিনিধি (ক্যাপ্টেন) মো. রিফাত হোসেনের নেতৃত্বে বিভাগীয় প্রধানের মাধ্যমে অধ্যক্ষ বরাবর আবেদনপত্রটি জমা দেওয়া হয়।
আবেদন পাওয়ার পরপরই সিভিল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ খোরশেদ আলম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শ্রেণিকক্ষ দুটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সমস্যাগুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শিক্ষার্থীরা জানান, নিজেদের স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সম্মিলিতভাবে এগিয়ে আসা এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।