কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

সাবেক যুবলীগ নেতা এনামুল হক এখন যুবদলের ইউনিয়ন সভাপতি, চৌদ্দগ্রামে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ক্ষোভ

আকাশ টিভি.

প্রকাশিত : Nov 9, 2026 ইং
সাবেক যুবলীগ নেতা এনামুল হক এখন যুবদলের ইউনিয়ন সভাপতি, চৌদ্দগ্রামে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক যুবলীগ নেতা মো. এনামুল হক (এনাম)। আওয়ামী লীগের সাবেক রেলপথমন্ত্রী ও পলাতক নেতা মুজিবুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এনামুল হক বর্তমানে যুবদলের চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন কমিটির সভাপতি হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের আস্থাভাজন এবং একই গ্রামের বাসিন্দা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একাধিক ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এনামুল হকও নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা শুরু করেন। এরই ধারাবাহিকতায় তিনি বর্তমানে যুবদলের ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে জায়গা করে নিয়েছেন।

তবে তাঁর এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং নতুন কমিটিতে সভাপতির পদ পাওয়া নিয়ে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে যুবদলের নেতৃত্বে বসানো সংগঠনের আদর্শ, ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের সঙ্গে সাংঘর্ষিক।

এ ছাড়া, সংশ্লিষ্ট কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছেন স্থানীয় কয়েকজন নেতাকর্মী। তাঁদের দাবি, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন হয়েছে। 

এলাকার রাজনৈতিক সচেতন মহলের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে দলবদলকারীদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে আসীন করার প্রবণতা রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শৃঙ্খলা ও ত্যাগী কর্মীদের মূল্যায়নকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং কমিটি গঠনের প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab