চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে বাহরাইনপ্রবাসী এক ব্যক্তির বসতঘর ও দুটি রান্নাঘরসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ ৫ লাখ টাকাসহ আসবাবপত্র ও স্বর্ণালংকার পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
রোববার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার মধ্যপাড়ায় আব্দুল খালেকের ছেলে বাহরাইনপ্রবাসী ফারুক হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফারুক হোসেনের স্ত্রী আমেনা বেগম বলেন, হঠাৎ শব্দ শুনে ঘুম থেকে উঠে ঘরে আগুন দেখতে পান তিনি। পরে মেয়েকে ডেকে তুলে আগুন আগুন বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। জমি সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে ঘরে রেখেছিলেন। আগুনে ওই টাকা, আসবাবপত্র ও স্বর্ণালংকার পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটি বসতঘর ও দুটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সব হারিয়ে তারা এখন নিঃস্ব।
প্রত্যক্ষদর্শী মো. সোহাগ বলেন, আগুনের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে আগুনের ভয়াবহ শিখা দেখতে পান। পরে স্থানীয় লোকজনকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ফারুকের বসতঘরসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন