কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় এনসিপি নেতাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা, বুসান আঞ্চলিক কমিটি ঘোষণা

আকাশ টিভি

প্রকাশিত : Nov 13, 2026 ইং
বুসান (দক্ষিণ কোরিয়া), ১৩ নভেম্বর.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া শাখা। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় বুসানের গারাম আর্ট হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাব্বির মাহমুদ, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়া শাখার সদস্য সচিব বাবুল মিয়া, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জুনায়েদ শুভ জুয়েলসহ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, প্রবাসীদের রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসীদের অবদান রাখার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, প্রতিটি বিপ্লবের পর পরিবর্তনের প্রত্যাশা তৈরি হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়িত হয় না। প্রয়োজন পড়লে তাঁরা বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন চান। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় এক কোটি মানুষের সাংবিধানিক ক্ষমতা ও কার্যকর প্রতিনিধিত্বের সুযোগ নেই। সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় এনসিপি। দলের নেতাকর্মীরা যেন ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার করতে না পারেন, সে জন্য জনগণের জবাবদিহি ও নজরদারি নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রবাসে বাংলাদেশিদের নিম্নস্তরের কাজ করতে দেখে তাঁর কষ্ট হয়। প্রবাসে কর্মী পাঠানোর আগে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে ব্যক্তি ও রাষ্ট্র উভয়ই লাভবান হবে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণ-আন্দোলন ও বিপ্লবে প্রবাসী জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউন স্বৈরাচারী শাসনের অর্থনৈতিক ভিত্তিতে আঘাত হেনেছিল। প্রবাসীদের অর্জিত উচ্চশিক্ষা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাব্বির মাহমুদ বলেন, এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ে প্রবাসীদের অংশগ্রহণ ও অবদান রাখার সুযোগ তৈরি করা প্রয়োজন।

ইঞ্জিনিয়ার জুনায়েদ শুভ জুয়েল বলেন, তরুণদের মূল্যায়ন করে বলেই তিনি এনসিপিতে যুক্ত হয়েছেন। দলের এই মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাবুল মিয়া বলেন, এনসিপি যদি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ভুলে যায়, তাহলে অন্য রাজনৈতিক শক্তি সেই চেতনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে।

নাজমুল হাসান রনি বলেন, প্রবাসীরা নিজেদের মেধা ও অভিজ্ঞতা দিয়ে দেশে ফিরে কাজ করতে চান। এ জন্য দেশে উপযুক্ত পরিবেশ ও সুযোগ তৈরি করতে হবে। একই আহ্বান জানান শাকিল হাসান স্বাধীন। তিনি বলেন, প্রবাসীদের দেশে ফিরে কাজ করার মতো পরিবেশ নিশ্চিত করা জরুরি।

আবির হাসান বলেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এনসিপির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিপি ব্যর্থ হলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে।

ওয়াহিদ ফেরদৌস বলেন, যত দিন এনসিপি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে, তত দিন তিনি দলের সঙ্গে থাকবেন।

মতবিনিময় সভায় প্রবাসীদের রাজনৈতিক অংশগ্রহণ, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে প্রবাসীদের সম্পৃক্ততা, দক্ষ জনশক্তি তৈরি এবং মেধা পাচার রোধ করে প্রবাসীদের দেশে ফেরার অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।

 *সভা শেষে বুসান আঞ্চলিক কমিটি ঘোষণা*

অনুষ্ঠানের শেষপর্বে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া শাখার অনুমোদনে বুসান আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে অনুমোদন দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

- আহ্বায়ক: নাজমুল হোসেন রনি
- যুগ্ম আহ্বায়ক: তুষার রাশি
- যুগ্ম আহ্বায়ক: আবির হাসান
- সদস্য সচিব: আহ্বাব মিয়া
- যুগ্ম সদস্য সচিব: শাকিল হাসান স্বাধীন
- সাংগঠনিক সম্পাদক: মো. ওয়াহিদ ফেরদৌস
- সহ-সাংগঠনিক সম্পাদক: তৈয়বুর রহমান সিরাম
- অর্থ সম্পাদক: মো. রায়হান কবীর

কমিটিটি অনুমোদন করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়ার আহ্বায়ক মো. আরিফুর রহমান এবং সদস্য সচিব বাবুল মিয়া।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab