কুমিল্লা জেলা দক্ষিণে একযোগে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বহুনির্বাচনি পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার ৭টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলার মধ্যে রয়েছে চৌদ্দগ্রাম, লাকসাম, লাঙ্গলকোট, লালমাই,সদর দক্ষিণ, বরুড়া এবং মনোহরগঞ্জ।
চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাবা রাজিব চন্দ্র দাশ বলেন, "কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের জন্য যে মেধাবৃত্তির আয়োজন করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। এটি অনেক ভালো একটি উদ্যোগ। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। ভবিষ্যতে এটিকে আরও বড় পরিসরে নিলে বাচ্চাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়বে এবং মেধার উন্নয়ন ঘটবে।"
পরীক্ষা দিতে আসা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইমন হোসেন আরাফাত বলেন, গতবছর মাদ্রাসায় হেফজ বিভাগে থাকার কারনে পরীক্ষা দিতে পারিনি। এবার বৃত্তি পরীক্ষা দিয়েছি। খুব ভালো লেগেছে। আমি চাই বৃত্তি পরীক্ষা আরো হোক।
আরেকজন শিক্ষার্থীর মা বলেন, এমন বৃত্তি পরীক্ষা বাচ্চাদের মেধা ও প্রতিভা যাচাইয়ের একটি প্ল্যাটফর্ম। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের মেধাকে বিকশিত করতে পারে, সেজন্য কিশোরকণ্ঠকে এ প্রয়াস অব্যাহত রাখার অনুরোধ করছি।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুমিল্লা জেলা দক্ষিণের পরিচালক জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, কুমিল্লা জেলা দক্ষিণে ৭ টি উপজেলার একযোগে ১৩ টি কেন্দ্রে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বর্তমান প্রজন্ম শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের আগামী দিনে মেধাবী, যোগ্য ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাই আমাদের এই কার্যক্রমের লক্ষ্য।
তিনি আরও জানান, এ আয়োজনে মোট পাঁচ লাখ টাকার বৃত্তি দেওয়া হবে। এছাড়া ৭টি ক্লাসের মধ্যে যিনি সর্বোচ্চ নাম্বার পাবেন প্রতি ক্লাসের একজন করে একটি সাইকেল এবং বর্ষসেরা শিক্ষার্থী হিসেবে একজনকে একটি ল্যাপটপ দেওয়া হবে।
এ সময় কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা জেলা দক্ষিণের সদস্য সচিব নুরুল ইসলাম মোল্লাসহ ফোরামের অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।