নিজস্ব প্রতিবেদক.
দেবিদ্বার উপজেলার ডা: ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের ব্যবস্থাপনায় বেগম মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ এর পুরস্কার বিতরন অনুষ্ঠান গত ১৪ নভেম্বর স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বেগম মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর পরিচালনায় ডা: ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের সভাপতি মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা: ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো: ওবায়েদুর রহমান সবুজ।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রথমে অনলাইনে বক্তব্য রাখেন ডা: ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের প্রতষ্ঠিাতা ও বেগম মেধাবৃত্তি পরীক্ষার উদ্যোক্তা মানবিক চিকিৎসক ডা: ফেরদৌস খন্দকার, বেগম মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষার আহবায়ক শিক্ষানুরাগী মো. জাহাঙ্গীর আলম, ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবকও শিক্ষানুরাগী মো. আবুল কালাম আজাদ, ডা: ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের পরিচালনা কমিটির সদস্য মো. খোরশেদ আলম ও মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম, দেবিদ্ধার সুজাত সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক ছমিরুন নাহার মিতা চৌধুরী, ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার মো. ইসমাইল, মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক তাছলিমা আক্তার।
ডা: ফেরদৌস খন্দকার অনলাইনে বক্তব্যে বলেন, আমার মায়ের নাম আনোয়ারা বেগম খন্দকার, বাবা ফয়েজউদ্দিন আহমেদ খন্দকার মাকে বেগম নামে ডাকতেন। এজন্য এই নামে বেগম মেধাবৃত্তি পরীক্ষা চালু করা। বেগম মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনের মূল উদ্দেশ্য কেবল মেধাবীদের খুঁজে বের করা নয়; বরং শিক্ষার্থীদের অধ্যবসায়ী হতে উৎসাহিত করা, জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগানো।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, যারা আজ বৃত্তি পেয়েছ। তোমাদের এই বৃত্তি পাওয়া শুধু তোমাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি তোমাদের পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানেরও গর্ব। এই স্বীকৃতি তোমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। মনে রাখতে হবে, আজকের এই সাফল্যই তোমাদের চূড়ান্ত অর্জন নয়; বরং এটি ভবিষ্যতের বড় সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
মো.জাহাঙ্গীর আলম বলেন, মেধা শুধুমাত্র পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়। প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সমন্বয়। আমরা চাই, তোমরা শুধু ভালো ফলাফল অর্জন করবে না, বরং একজন সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
মো. মিজানুর রহমান বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্মই পারে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে। তাই তোমাদের সাফল্যের সঙ্গে দেশের ভবিষ্যৎও অনেকাংশে জড়িয়ে আছে। তোমরাই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, উদ্যোক্তা, প্রশাসক এবং সমাজের নেতৃত্বদানকারী মানুষ।
আবুল কালাম আজাদ বলেন, নিয়মিত পরিমিত ও পরিকল্পনা অনুযায়ী সকল কাজ করতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠ প্রস্তুতি নিতে হবে, শিক্ষা বৃত্তি দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া ও তার মেধাকে মূল্যায়ন করা।
ডা: ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের ব্যবস্থাপনায় বেগম মেধাবৃত্তি পরীক্ষায় দেবিদ্ধার উপজেলার গুনাইঘর উত্তর ও দক্ষিণ ইউনিয়নও মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ১৯ প্রাথমিক বিদ্যালয়ের দুইশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। বেগম মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪১ শিক্ষার্থীকে সনদ, নগদ অর্থ, খাতা, কলম উপহার দেওয়া হয়।