ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে ছোট ভাইয়ের সঙ্গে দলীয় মনোনয়নপত্র জমা দিতে পোশাক পরিহিত অবস্থায় আওয়ামী লীগের কার্যালয়ে গিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি।
গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান। একজন পুলিশ কর্মকর্তা পোশাক পরিহিত অবস্থায় ভাইয়ের সঙ্গে গিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেন কিনা– এমন প্রশ্ন তুলেছেন অনেকে।
এ ব্যাপারে জানতে চাইলে রাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেন, যেহেতু তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী, তাই ভাইয়ের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে বাহিনীর পোশাক পরে যাওয়া বাঞ্ছনীয় নয়। নির্বাচন-সংক্রান্ত যে বিধিবিধান, সেখানেও এসব ব্যাপারে সুস্পষ্টভাবে বলা আছে। পুলিশ কর্মকর্তার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ারও কোনো সুযোগ নেই। এসব বিধান মেনে চলা উচিত। আর এটা নীতি-নৈতিকতার সঙ্গে মানানসই নয়।